Wednesday, April 4, 2018

খাবারে সন্তুষ্ট ৯৭ শতাংশ BSF জওয়ান: DRDO

নয়াদিল্লি: বছর খানেক আগে বিএসএফের খাবার নিয়ে অভিযোগ উঠেছিল। এবার সেই খাবার খতিয়ে দেখতে সার্ভে করল ডিআরডিও। সার্ভেতে দেখা গিয়েছে, ৯৭ শতাংশ বিএসএফ জওয়ান খাবারে সন্তুষ্ট। সীমান্তে তাদের যেসব খাবার দেওয়া হয় তার মান ভাল বলেই জানিয়েছে জওয়ানরা। পরিমান নিয়েও কারও কোনও ক্ষোভ নেই।

গত বছরের জানুয়ারিতে ফেসবুক ভিডিওয় খাবারের মান নিয়ে অভিযোগ করেন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। তেজবাহাদুরের অভিযোগের জেরেই এবার বিএসএফ জওয়ান ও আধা সামরিকবাহিনীর অফিসারদের খাবারের গুণগত মান পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ডিআরডিও-কে।

বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানিয়েছেন, ‘বিএসএফ জওয়ানদের যে খাবার দেওয়া হয়, ডিআরডিও-র পরীক্ষাগারে সেই খাবারের মান পরীক্ষা করা হচ্ছে। যাঁরা খাবার তৈরি করেন, ইউনিট মেস চালান এবং যাঁরা সেই খাবার খান, তাঁদের সঙ্গেও কথা বলছেন ডিআরডিও আধিকারিকরা। এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জওয়ান ও অফিসারদের যে খাবার দেওয়া হয়, সেটা যথেষ্ট ভাল। তাও জওয়ানদের অভিযোগকে সম্মান জানিয়েই খাবারের মান পরীক্ষা করা হচ্ছে।’

তেজবাহাদুর গতবছর এক ভিডিওর মাধ্যমে অভিযোগ করেন, তাঁদের জলের মতো ডাল ও পোড়া চাপাটি খেতে দেওয়া হয়। বিএসএফ-এর ডিজি জানিয়েছেন, তেজবাহাদুর এই অভিযোগ করার পরেই অভ্যন্তরীণ তদন্ত করা হয়। এমনকী তিন উচ্চপদস্থ আধিকারিককে কর্তব্যে গাফিলতির দায়ে বদলিও করা হয়। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তেজবাহাদুরকেও বরখাস্ত করা হয়েছে। কোনওভাবেই শৃঙ্খলা ভঙ্গের ঘটনা মেনে নেওয়া হবে না বলে জানান বিএসএফ ডিজি।

The post খাবারে সন্তুষ্ট ৯৭ শতাংশ BSF জওয়ান: DRDO appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JjuYiz

No comments:

Post a Comment