স্টাফ রিপোর্টার, কলকাতা: চাকরির দাবিতে টানা সাড়ে চার ঘণ্টা অবস্থান বিক্ষোভ করলেন রাজাবাজার সায়েন্স কলেজের পড়ুয়ারা৷ বুধবার সন্ধে ছ’টা নাগাদ বিক্ষোভ তুলে নিলেও, তাঁদের দাবি পূরণ না হলে ফের বৃহস্পতিবার বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা৷
বেশ কয়েকদফা দাবি নিয়ে বুধবার দুপুর দুটো নাগাদ ক্যাম্পাসের প্রধান দ্বার আটকে বিক্ষোভে বসেন রাজাবাজার সায়েন্স কলেজের স্নাতকোত্তর অ্যাপ্লায়েড ফিজিক্স ও রেডিও ফিজিক্সের ছাত্র-ছাত্রীরা৷ তাঁদের প্রধান দাবি, অবিলম্বে সুসংগঠিত প্লেসমেন্ট সেল এবং ইন্ডাস্ট্রিয়াল কোলাবরেশন তৈরি করতে হবে৷ অভিযোগ, কলেজে প্লেসমেন্ট সেল থাকলেও গত বছরের ডিসেম্বর মাসে প্লেসমেন্ট অফিসারের পদত্যাগের পর থেকে কোনও নিয়োগের জন্য কোনও সংস্থা ক্যাম্পাসে আসেনি৷
এ বিষয়ে এমটেক অ্যাপ্লায়েড ফিজিক্সের দ্বিতীয় বর্ষের ছাত্র জয়দীপ মাহাতো বলেন, ‘‘অনেকদিন ধরেই আমাদের কলেজের প্লেসমেন্ট সেলের অবস্থা খুবই খারাপ৷ প্লেসমেন্ট সেল আছে৷ কিন্তু, কোনও প্লেসমেন্ট অফিসার নেই৷ তা নিয়ে অভিযোগ করায় মাত্র কয়েক মাসের জন্য অফিসার নিয়োগ করা হলেও, গত বছরের ডিসেম্বর মাসে তিনি পদত্যাগ করেন৷ উনি থাকাকালীন দু’-তিনটে কোম্পানি এসেছিল৷ কিন্তু তারপর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কোনও কোম্পানি আসেনি৷’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘গত দু’-তিন বছর ধরে ক্যাম্পাসিংয়ের অবস্থা এই রকমই৷ আমরা বহুবার সেক্রেটারি স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম৷ কিন্তু সময় নেই, কাজ আছে, এই ধরনের কথা বলে আমাদের সঙ্গে তিনি কোনও প্রকার আলোচনায় বসেননি৷ বাধ্য হয়েই আমরা আন্দোলনের পথ গ্রহণ করেছি৷’’
প্লেসমেন্ট সেলের সুব্যবস্থা ছাড়াও বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, প্রযুক্তিবিদ্যার চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে৷ প্লেসমেন্ট সেল থেকে ট্রেনিং ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে৷ অভিযোগ, গত দু’-তিন বছর ধরে সঠিকভাবে ক্যাম্পাসিং হয়নি এই কলেজে৷ তাই এ দিনের বিক্ষোভে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে ক্যাম্পাস ড্রাইভের জন্য আসতে হবে বলেও দাবি তোলেন পড়ুয়ারা৷
এছাড়া, সুসংগঠিত প্লেসমেন্ট সেলের পাশাপাশি, বর্তমান দায়িত্বপ্রাপ্ত সেলের আধিকারিককে বরখাস্ত করার দাবিও তোলা হয়েছে৷ অভিযোগ, প্লেসমেন্ট আধিকারিক নিজের পরিচিতদের চাকরি পাইয়ে দিচ্ছেন৷ তাই অবিলম্বে তাঁকে বরখাস্ত করে প্লেসমেন্ট অফিসার নিয়োগ করার দাবি তুলেছে পড়ুয়ারা৷ এই ধরনের চাকরি সংক্রান্ত একাধিক দাবি নিয়ে বুধবার দুপুর থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা কলেজের প্রধান দ্বারের সামনে অবস্থান করেন পড়ুয়ারা৷
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ক্যাম্পাস থেকে বাইরে ও ক্যাম্পাসের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছিলেন না বিক্ষুব্ধ পড়ুয়ারা৷ কিন্তু, পরিস্থিতি বিবেচনা করে অসুস্থ সহ কাউকে কাউকে বাইরে বের হওয়ার অনুমতি দেন তাঁরা৷ বেশ কিছু সময় পর কলেজের ডিন আসলে তিনি আলোচনায় বসতে রাজি হন৷ তার পরেও কয়েকঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা৷ অবশেষে ডিনের অনুরোধে বিক্ষোভ তুলে নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসেন পড়ুয়ারা৷
কিন্তু আলোচনা শেষে যদি তাঁরা সন্তুষ্ট না হন, তা হলে ফের অবস্থানে বসবেন বলে জানিয়েছেন রাজাবাজার সায়েন্স কলেজের ওই পড়ুয়ারা৷ এমটেক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র সায়ন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব৷ যদি তাঁদের কথায় আমরা সন্তুষ্ট না হই, তা হলে আন্দোলন চালিয়ে যাব৷’’
The post প্লেসমেন্ট সেল থাকলেও অফিসার নেই, চাকরির দাবি রাজাবাজার কলেজে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GzDpZv
No comments:
Post a Comment