স্টাফ রিপোর্টার, কলকাতা: তৃণমূল কংগ্রেসকে আবারও কটাক্ষ করলেন ঘাসফুলের একসময়ের ‘চাণক্য’ মুকুল রায়৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের অভিযোগ তুলে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷
এ দিকে, কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুকুল রায় এ দিন বলেন, “সংসদে তৃণমূল কংগ্রেস কখনও কলসি নিয়ে নাচে, কখনও আবার কালো কাপড় বেঁধে হইচই করে৷ ওরা একটা নাটকের দল৷ নাটকটা ভালই জানে৷”
বুধবার দুপুর থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে মুকুল রায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ‘সন্ত্রাস’ ঠেকাতে এবং অবাধ নির্বাচনের দাবিতে মুকুল রায়ও রাস্তায় বসে পড়েন৷ বেশ কিছু বিক্ষোভ দেখানোর পর রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি৷ প্রায় ৪০ মিনিট কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুকুল রায়৷ এর পর বাইরে বেরিয়ে তিনি জানান, বিজেপির যাঁরা মনোনয়ন দিতে পারেননি, তাদের বিষয়গুলি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন কমিশনার৷
এ দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁদের দল পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন৷ এই বিষয়ে বিজেপির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের তরফে এ দিন জানানো হয়, নির্বাচন প্রক্রিয়াকে বাধা দিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি৷
এই বিষয়ে মুকুল রায় বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর ক্ষমতা দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছেন৷ পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে হয়, সেই জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি৷ নির্বাচন প্রক্রিয়াতে বাধা দিতে নয়৷”
The post কালো কাপড়-কলসি নিয়ে ভালোই নাটক জানে তৃণমূল: মুকুল appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2q5Piet
No comments:
Post a Comment