Wednesday, April 4, 2018

জঙ্গলমহলে সিপিএমের চার দশকের শক্তঘাঁটি ভাঙলেন মমতার মন্ত্রী

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: প্রায় চার দশক পর ঘাস ফুল ফুটল সিপিএমের একদা লাল দুর্গ পুঞ্চার ডাহারডিতে। পুরুলিয়ার মানবাজার বিধানসভা কেন্দ্রের পুঞ্চার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার ডাহারডি সংসদের ৫০টি পরিবারের সদস্যরা মঙ্গলবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তাঁদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের অনগ্রসর শ্রেণির কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। এই এলাকা ১৯৭৭ সাল থেকে সিপিএমের শক্ত ঘাঁটি। বলা যায় তৃণমূলের এখানে কোনও অস্তিত্বই ছিল না।

এই যোগদানের মাধ্যমে সেখানেই ঘাস ফুল ফোটালেন স্বয়ং মন্ত্রী। সিপিএমের এই শক্ত ঘাঁটিতে বদল ঘটাতেই কয়েকদিন ধরে মন্ত্রী সন্ধ্যারানি টুডু দলের নেতা-কর্মীদের নিয়ে সেখানেই পড়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মানবাজার-১ ব্লক এলাকার আদিবাসী নেতা গুরুপদ টুডু। রাজ্য সরকার যেভাবে আদিবাসীদের উন্নয়নে কাজ করছে, সেই কথা ওই আদিবাসী মহল্লায় তুলে ধরে ওই পরিবারগুলিকে তৃণমূলে মন্ত্রী সন্ধ্যারানি টুডু টেনে আনেন বলে তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশের দাবি।

মন্ত্রী বলেন, “এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসীদের উন্নয়ন করছেন, সেটা সবসময় প্রচারে আসছে না। তাই আমরা সাধারণ মানুষজনের বাড়ি-বাড়ি গিয়ে সরকারের সুফল বোঝাচ্ছি। এই ডাহারডিতেও আদিবাসীরা সরকার প্রকল্পের সুফল বুঝে সিপিএম থেকে তৃণমূলে এলেন।”

প্রতিবার ভোটে তা লোকসভা, বিধানসভা, বা পঞ্চায়েত কখনোই এই এলাকায় একটা ঘাসফুলের পতাকা দেখা যেত না। পড়ত না তৃণমূলের কোনও পোস্টার, ব্যানার। সেই ডাহারডি এখন সবুজে সবুজ। মানবাজার-১ ব্লকের আদিবাসী নেতা গুরুপদ টুডু বলেন, “এখানে আর কোথায় লাল থাকবে না। এই এলাকা সব সবুজ হয়ে যাবে। সিপিএমকে এখানে দূরবীন দিয়ে খুঁজতে হবে।”

The post জঙ্গলমহলে সিপিএমের চার দশকের শক্তঘাঁটি ভাঙলেন মমতার মন্ত্রী appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GUGjHf

No comments:

Post a Comment