Wednesday, April 4, 2018

সন্দেশখালিতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, বসিরহাট: বিরোধী শূন্য রাজ্য গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে গণতান্ত্রিক উপায়ে নয়। পেশিশক্তির সাহায্যে।

ঘাস ফুল শিবিরের বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে এল পদ্ম শিবির। কারণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বিরোধী বিজেপি নেতাকর্মীদের মারধোরের ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, লুঠপাট এবং প্রাণনাশের হুমকির মতো মারাত্মক অভিযোগ।

উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার দুর্গামন্ডপ এলাকায় বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাতের দিকে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান দলবল নিয়ে হামলা চালায় বিজেপি কর্মীদের বাড়িতে। নেতা শাহজাহানের সঙ্গে দোসর ছিল স্থানীয় পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মন্ডল।

উক্ত দুই তৃণমূল নেতার যৌথ প্রচেষ্টায় চলে হামলা। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে চালানো হয় হামলা। সেই সঙ্গে অবিরাম চলে লুঠপাট। টাকা-পয়সা সহ টিভি বা কম্পিউটারের মতো মূল্যবান সামগ্রীও লুঠ করা হয়। লুঠপাটের পরে অনেক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিজেপি করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে আক্রান্ত মানুষেরা বারবার করে পুলিশকে জানিয়েও মেলেনি সাহায্য। গেরুয়া শিবিরেরে স্থানীয় এক নেতার কথায়, “থানায় ফোন করে বিষয়টি জানানো হলে আমাদের আশ্বাস দেওয়া হয় ‘ফোর্স পাঠাচ্ছি।’ পাঁচ ঘণ্টা কেটে গেলেও ফোর্স আসা তো দূরের কথা, একজন পুলিশকর্মীও আসেনি।” স্থানীয় পুলিশ সুপার এবং সন্দেশখালি থানার ওসি-কে বারবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন বিজেপি জেলা নেতৃত্ব।

The post সন্দেশখালিতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2q43TYO

No comments:

Post a Comment