স্টাফ রিপোর্টার, কলকাতা: পিৎজা বয় হিসেবে ফোন করে চোর ধরল পুলিশ। শুধু তাই নয়, গ্রেফতার করা হয়েছে অপর সাগরেদকেও।
ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায়। পুলিশের ফাঁদে পা দিয়ে ধরা পড়েছে দুই চোর দীপ কুমার হালদার এবং অসীম অধিকারী। এই দু’জনেই দীর্ঘদিন ধরে হরিদেবপুর থানা এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করছিল বলে জানিয়েছে পুলিশ।
২৫ বছর বয়সী দীপ হরিদেবপুর থানা এলাকারই বাসিন্দা। অসীম বয়সে দীপের থেকে দুই বছরের ছোট। অসীমের বাড়ি সোনারপুরে।
হরিদেবপুর থানা এলাকায় ক্রমশ বাড়ছিল চুরি। খুব বড় কিছু না হলেও অল্পও নয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। অভিযোগ দায়ের হয়েছিল থানায়। সহজে ছিঁচকে চোরের নাগাল পাওয়া যাচ্ছিল না। কিন্তু, একটি নির্দিষ্ট এলাকায় একই কায়দায় বারবার চুরির ঘটনা ঘটতে থাকায় কোমর বেঁধে আসরে নামে পুলিশ।
হরিদেবপুর থানার ওসি-র নেতৃত্বে গঠিত হয় বিশেষ দল। সমগ্র হরিদেবপুর জুড়ে বাড়ান হয় পুলিশের নজরদারি। অল্প কয়েকদিনের মধ্যেই মূল অপরাধীকে চিহ্নিত করতে পারে পুলিশ। বিভিন্ন সূত্র মারফত ধৃত দীপ কুমার হালদারের মোবাইল নম্বর জানা গেলেও ঠিকানা জানা যায়নি।
মোবাইল নম্বরের সূত্র ধরে এগোলে হয়তো খুব সহজেই অভিযুক্তদের কাছে পৌঁছান যেতো। কিন্তু পুলিশ তা করেনি। কারণ, অনেক ক্ষেত্রেই অপরাধীরা এক জায়গায় বেশিক্ষণ থাকে না। পুলিশের নজর এড়াতেই বারবার নিজের অবস্থান বদল করে।
সেই সমস্যার সমাধান করতে নয়া ফন্দি আঁটে হরিদেবপুর থানার পুলিশের বিশেষ দল। পুলিশের পক্ষ থেকে দীপকে ফোন করে বলা হয়, “আপনি পিৎজা অর্ডার করেছিলেন?” খুব স্বাভাবিকভাবেই অপর প্রান্ত থেকে দীপ জানায় যে সে কোনও পিৎজা অর্ডার করেনি। এরপরেই তার বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়। নিজের অজান্তেই পুলিশের সেই ফাঁদে পা দিয়ে নিজের বাড়ির ঠিকানা অর্থাৎ অবস্থান জানিয়ে দেয় দীপ কুমার হালদার।
ব্যাস আর তাতেই কেল্লাফতে। হরিদেবপুর থেকেই গ্রেফতার করা হয় দীপকে। জেরায় উঠে আসে অসীমের নাম। সোনারপুর থেকে গ্রেফতার করা হয় অসীমকেও। ধৃতদের থেকে সোনা এবং রুপোর অলংকার, অনেকগুলি মোবাইল, ক্যামেরা সাইকেল এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালের মোট মূল্য সাড়ে তিন লক্ষ টাকা।
The post ‘পিৎজা বয়’ সেজে চোর ধরল পুলিশ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2q5LFFj
No comments:
Post a Comment