Wednesday, April 4, 2018

প্রাথমিক নিয়োগে বড়সড় কেলেঙ্কারি ফাঁস বাংলায়

স্টাফ রিপোর্টার, বর্ধমান: প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। আর সেই প্রতারণা ফাঁস হল সিআইডির অভিযানে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে।

ওই জেলার বালিডাঙার একটি স্কুলে রীতিমতো ফাঁদ পেতে ওই প্রতারণা চক্রের হদিশ পেলেন গোয়েন্দারা। প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। আর একজন পালিয়ে যায়। বাজেয়াপ্ত একটি গাড়িও। বিএসএফ লেখা ওই গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় পূর্ব বর্ধমানের বর্ধমান থানায় প্রতারণার অভিযোগ জানানো হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিল চৌধুরি ও চন্দন মাহাত। অনিলের বাড়ি হুগলির চন্দননগরে। ধৃতদের কাছ থেকে প্রাথমিকের ভুয়ো নিয়োগপত্র ও আরও কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে। ধৃতরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রতারণা চক্রের জাল বিছিয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। ধৃতদের জেরা করে তাই আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন গোয়েন্দারা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে প্রাথমিকে নিয়োগের জন্য পরীক্ষা দেয় দুই যুবক। বছর খানেক আগে তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনিল ও তার সঙ্গীরা। ১৬ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি করে দেওয়ার আশ্বাস দেয় তারা। প্রতারকদের কথায় বিশ্বাস করে দুই যুবক ৭ লক্ষ টাকা তাদের দেয়। টাকা দেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও দুই যুবকের চাকরি হয়নি। তাঁরা চাকরির জন্য তাগাদা দিতে থাকেন। দিনকয়েক আগে বর্ধমান শহরের বালিডাঙার একটি স্কুলে দু’জনের চাকরি করে দেওয়ার আশ্বাস দেয় প্রতারকরা। নিয়োগপত্র দেওয়ার পর বাকি টাকা দিতে হবে বলে জানায় তারা।

এরই মধ্যে সিআইডিকে বিষয়টি জানায় চাকরি প্রার্থীরা। সিআইডি প্রতারকদের ধরতে ফাঁদ পাতে। চাকরির জন্য বুধবার দুই যুবককে বালিডাঙার স্কুলে আসতে বলে। এদিনই তাদের চাকরিতে জয়েন করিয়ে দেবে বলে জানায় প্রতারকরা।

বিষয়টি জানতে পেরে সিআইডির বর্ধমান অফিসের একটি টিম স্কুল এলাকায় পৌছে যায়। দুই যুবককে নিয়োগপত্র দেওয়ার পর টাকা চাওয়া মাত্র সিআইডির অফিসাররা অনিলকে ধরে ফেলে। তার এক সঙ্গী দৌড়ে পালিয়ে যায়। তল্লাশিতে প্রতারকদের গাড়ি থেকে বেশকিছু নথিপত্র মেলে। দিনকয়েক আগে চাকরি চক্রে জড়িত বর্ধমানের ৪ জনকে গ্রেফতার করে কলকাতার হেস্টিংস থানার পুলিশ।

বর্ধমান শহরে ভুয়ো নিয়োগপত্র বিলির একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। কিন্তু, চক্রটিকে ধরতে পারেনি পুলিশ। সিআইডির হাতে ধরা পড়া প্রতারণা চক্রটির সঙ্গে বর্ধমানের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ

The post প্রাথমিক নিয়োগে বড়সড় কেলেঙ্কারি ফাঁস বাংলায় appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Jm1cJM

No comments:

Post a Comment